বাংলাদেশ মহিলা পরিষদ

বাংলাদেশ মহিলা পরিষদ আজ আমার মিসেসকে পাড়ার অন্যান্য মহিলাদের সাথে বাংলাদেশ মহিলা পরিষদ এর প্রতিষ্ঠাষির্ষিকীতে পাঠালাম। যেতে চায়না, জোর করে পাঠিয়ে দিলাম। দুপুরের পরপর পাড়ার অন্যান্য মহিলাদের সাথে সে গেল। আর আমি সন্ধ্যার আগে আগে গিয়েছিলাম। সম্পাদক রওশন আরা আপা আমার পূর্বপরিচিত। নানারকম গল্প হল। অনুষ্ঠান দেখলাম। প্রথমে আলোচনা হয়ে গিয়েছে। আমি যখন গেছি, তখন গানবাজনাও শেষের পথে। একটা ছোট্ট মেয়ের নাচ দেখলাম। বেশ ভাল নাচতে পারে মেয়েটি।

বাংলাদেশ মহিলা পরিষদ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বেগম সুফিয়া কামালের প্রতিষ্ঠিত এই সংগঠন এখন সারাদেশের মহিলাদের উন্নয়নে সক্রিয় ও ব্যাপক ভূমিকা রেখে চলেছে। আজ এই সংগঠনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হল। কুড়িগ্রাম জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

কিছুদিন আগে অর্থাৎ ৭ মার্চের নারী দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের মহিলা সংগঠনগুলোর প্রাণের দাবী সকল নারীর জন্য সমান অধিকার এর প্রতি বাংলাদেশ সরকার নীতিগতভাবে সমর্থন জানিয়েছিল। এটা জাতিসংঘ প্রণীত সিডও সনদের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। বাংলাদেশ সরকার সিডও সনদ আংশিকভাবে সমর্থন করে। কারণ ইসলাম অনুযায়ী সিডও সনদ কোনমতেই মেনে চলা সম্ভব নয়। তাহলে ইসলামের কিছু নিয়মকানুন বিতর্কিত হয়ে পড়তে পারে। বর্তমান বাংলাদেশ সরকার নারীদের সমানাধিকারের দাবীকে নীতিগতভাবে সমর্থন করে মত প্রকাশ করেছে। কিন্তু ইসলাম ধর্মবিশ্বাসীরা এতে আপত্তি জানিয়েছে। তারা জরুরী অবস্থা ভঙ্গ করে ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সামনের রাস্তা ও তার আশেপাশে বিক্ষোভ মিছিল করেছে। তাদের কথা হল ইসলাম অনুযায়ী এই আইন মানা চলবেনা। কারণ তা ইসলাম বিরোধী। ইসলামের কিছু নীতি এর মাধ্যমে সীমাবদ্ধ হয়ে যেতে পারে। আর বিশ্বাসী কোন মুসলমান ইসলামের এই অপমান মেনে নিতে পারেনা।

বাংলাদেশ মহিলা সমিতি বিশ্বাসীদের এই দাবীকে কোন মূল্য দিতে চায় না। তারা মনে করে কোন কিছুর অজুহাতে মহিলাদেরকে পুরুষদের থেকে ছোট করে দেখার কোন অবকাশ নেই। তারা বিজ্ঞানমনস্ক মনোভঙ্গী থেকেই এমনটা মনে করে। তারা ইসলামের যে সম্পদ বন্টনরীতি রয়েছে তার কিছু ফাঁক তুলে ধরেছে। আমি পরবর্তীতে কোন এক সময় সেই হিসাবের শুভঙ্করী ফাঁকিটা আলোচনা করব।

আসলে দৃষ্টিকোণটাই বড় ঘটনা। আপনি কিভাবে একটি ঘটনাকে দেখছেন। কোন ভঙ্গিতে ঘটনাকে বিশ্লেষণ করছেন তার শিকড় বুঝতে পারলেই এই সমস্যাকে অনুধাবন করা কঠিন হবেনা। কে কোন দিক থেকে একটি ঘটনাকে ব্যাখ্যা করবে তা দেখে তার মনোভঙ্গিকে বা আদর্শের ভিত্তিটাকে বুঝে নেয়া মোটেই কঠিন কিছু নয়।

বাংলাদেশ মহিলা পরিষদের নিজস্ব ওয়েব সাইট রয়েছে। এড্রেস হল: http://www.mahilaparishad.org

Leave a Reply