আজকের দিনটাকে আমি শান্ত দিন নামকরণ করার কারণ খুব সহজ। সারাদিন রোদের কোন উত্তাপ বোধ হয় নি। আকাশ মেঘলা ছিল। সকালে রৌদ্রকিরণ ঘরের ভিতর উঁকি মেরে চোখ ঝলসে দিতে চেয়েছিল। কিন্তু সময় গড়িয়ে যাবার সাথে সাথে আকাশ মেঘে ঢেকে যায়। ছেঁড়া ছেঁড়া মেঘের আড়ালে সূর্যের সামর্থ্য চাপা পড়ে গিয়েছিল। গরমের তীব্রতা একটুও ছিল না। বেশ সহনযোগ্য দিন ছিল আজ।
বিকেলে পাঠাগার যেতে চেয়েছিলাম। কিন্তু হল না। বেশ কিছুদিন থেকে পাঠাগারে যাওয়া হচ্ছে না। এটা ঠিক নয়। আমি পাঠাগার থেকে যদিও কোন বই আর নিয়ে আসি না। আর তেমন বইও পাঠাগারে নেই। বেশিরভাগ ফিকশন বই এখন সরকার থেকে দেয়া হচ্ছে। আর যেহেতু সরকার থেকে দেয়া হচ্ছে, সেহেতু জাতীয় গ্রন্থকেন্দ্রের সাথে সুসম্পর্ক যেসব প্রকাশকের আছে তাদেরই বই বিলি করা হয়। তাদের বই কেনা হয়। আমি পাঠাগারের আজীবন সদস্য। ভালমন্দ দেখার জন্য সময় বের করা উচিত। আসলে আমারই কিছুটা অবহেলা বোধহয় আছে। কারণ গেলে অকাজের আড্ডা ছাড়া কিছুই হয় না। অযথা সময় নষ্ট হয়ে যায়। তার চেয়ে বাসায় বসে থাকলে দুলাইন পড়া আগায়।





