ঋতু পরিবর্তন হয়ে গেছে। এখন আর পুরনো ঋতু পঞ্জিকা ঘেঁটে লাভ নেই। এ অবস্থা অবশ্য শুরু হয়েছে বেশ আগে থেকেই।
আগে খেয়াল করিনি। কিন্তু আজ সকালে চারপাশে এত ব্যাঙ ডাকছিল যে সচকিত না হয়ে উপায় ছিল না। বর্ষাকালের আবহসঙ্গীত ব্যাঙেরা যে ডাকা শুরু করেছে তা তো জানতাম না। আমার মিসেস বলল এটা তো পুরনো খবর। আমি অবাক হতে তিনি বললেন ব্যাঙের ডাক তো এক সপ্তাহ আগে থেকেই শোনা যাচ্ছে। হয়ত আমি তেমনভাবে খেয়াল করিনি।
ব্যাঙদের এটা প্রজনন ঋতু। স্ত্রী ব্যাঙকে আমন্ত্রণ জানানোর জন্য পুরুষ ব্যাঙেরা গলা ফুলিয়ে ডাকাডাকি শুরু করে। আর নতুন জলের স্পর্শ পেলেই ব্যাঙদের প্রজননকাল শুরু হয়ে যায়। অতএব বর্ষাকাল যে শুরু হয়ে গেছে এতে কোন সন্দেহ নেই। দেয়াল পঞ্জিকার হিসেবে অবশ্য এখনও জৈষ্ঠ্যমাস চলছে। আষাঢ় মাস পড়তে এখনও ২০ দিনের মত বাকী। কিন্তু তাতে কি? ব্যাঙেরা কি ঋতু চিনতে ভুল করছে?





