সকালে ঘুম থেকে উঠে দেখি গলা বসে গেছে। কণ্ঠনালী ভর্তি কফ। বাসায় দইচিড়ার আয়োজন ছিল। কিন্তু ঠাণ্ডা কোন কিছু খেতে মন চাচ্ছিল না। তাই গরম জল এবং গরম চা খেয়ে গলার কষ্ট দূর করতে হল। এর অর্থ গত রাতে ঠাণ্ডা পড়েছিল। বৃষ্টিজনিত ঠাণ্ডা। কিন্তু দিন বাড়ার সাথে সাথে পরিবেশ পাল্টে যেতে লাগল। দিনের বেলা যেমন যা হোক আবহাওয়া একটু সহনশীল ছিল। কিন্তু সন্ধ্যা বেলায় তাপমাত্রা যেন চরমে উঠে গেল। শরীর ঘামতে শুরু করল। যাকে বলে আরেকবার স্নান হওয়ার মত দশা। এর মাঝেই একবার বিদ্যুৎ চলে গিয়ে প্রায় ২ ঘন্টা গরমে সিদ্ধ হতে হল। হাঁসফাঁস করে সময়টা কাটিয়ে দিলাম। তেমন বাতাসও ছিল না। ঘামের প্রাবল্যে ভেবেছিলাম স্নান করব। কিন্তু রাত বাড়ার সাথে সাথে আবার চারপাশ ঠাণ্ডা হতে শুরু করল। আবহাওয়ার এত দ্রুত পরিবর্তন হচ্ছে যে শরীর যেন তাল মেলাতে পারছে না। প্রকৃতির খেলাতে মানবপ্রকৃতি কি সায় দিতে চাচ্ছেনা?





