ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে। অবিরাম বৃষ্টি এবং বৃষ্টি। থামার কোন লক্ষণ নেই। যথার্থ বর্ষাকালের বোধহয় শুভ সুচনা হল। আজকেই কি তার উদ্বোধন হল? ঠিক নিশ্চিত নই। দেখা যাক আগামী দিনগুলো কি চিহ্ন দেখায়।
সকাল থেকে বৃষ্টির যেরকম প্রাবল্য ছিল তাতে মনে হচ্ছিল যে বৃষ্টি বোধহয় আজ আর থামবে না। কিন্তু দুপুরের পর থেকে বৃষ্টির গতি কমে আসতে লাগল। বিকেলের পর একেবারে থেমে গেল। কিন্তু ততক্ষণে চারপাশ জলে সয়লাব হয়ে গেছে। নিম্নাঞ্চল, রাস্তা সব জলে থৈ থৈ। ড্রেন উপচে নোংরা জলে চারিদিক ভেসে গেছে। কাজের মানুষদের তো বাইরে বের হতেই হয়। তাই আমারও জামাকাপড় সব ভিজে গেছে। আগামীকাল পড়ার উপযোগী শুকনো জামা প্যান্ট ছিল না। সন্ধ্যার আগে আগে ইস্ত্রি করে শুকিয়ে নিতে হল।
বর্ষাকালের অন্যতম একটি সমস্যা হল বিদ্যুৎ সমস্যা। একটু বৃষ্টি হল, কি হালকা বাতাস হল সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে যাবে। এরকমটা বড় শহরগুলোতে আছে কিনা ঠিক জানিনা, তবে কুড়িগ্রামে যে সমস্যাটা প্রকট তা তো প্রতিদিন নিজেই উপলব্ধি করি।





