রোদ এবং বৃষ্টি

আজকে ভেবেছিলাম গরম পড়বে খুব। সেরকমই সুচনা ছিল দিনটির। তবে শেষ পর্যন্ত সম্ভাবনা রক্ষা করতে পারিনি। দুপুরের পর আকাশ মেঘে ঢেকে গেল। সেকি কাল কাল মেঘ। ঘন ঘন গর্জনে চারপাশ প্রকম্পিত। বিকট শব্দে আকাশে মেঘে মেঘে বজ্র বিনিময় হচ্ছিল। ঝড়ের আভাষ। পশ্চিমাকাশ তখনও পরিষ্কার ছিল। অর্থাৎ চারপাশ রোদে চকচক করছিল। আবার অর্ধেক আকাশ ঢাকা ছিল বজ্রমেঘে। সেই সময় গরম পড়েছিল। শরীর ঘামতে শুরু করেছিল। (আমার শরীর বোধহয় অন্যদের চেয়ে একটু বেশি ঘামে।) এর মধ্যে হঠাৎ করেই বৃষ্টি নেমে গেল। শৈশবের একটা ছড়ার কথা তখন আমরা সবাই ভাবছিলাম। “রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে, খেকশিয়ালের বিয়ে হচ্ছে।” আসলেই বিষয়টা বেশ মজার। একদিকে রোদ আবার অন্যদিকে বৃষ্টি। বৃষ্টিটা বেশিক্ষণ ছিল না। এই ১০-১৫ মিনিট হয়েই থেমে গেছে। কিন্তু এর রেশ টানতে হয়েছে আমাদের মত সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের। বজ্র বিদ্যুতের গুরুম গুরুম শব্দে ভয় পেয়ে বিদ্যুৎ যে সেই চলে গিয়েছিল, এল অনেকক্ষণ পর। ভোগান্তি আসলে আমাদের জীবনের অন্যতম সঙ্গী। একে এড়িয়ে যাওয়ার কোনই উপায় নেই। এক ফাঁদে বন্দী আমরা সবাই।

Leave a Reply