আবহাওয়া আজকে একেবারে অন্যরকম ছিল। আকাশে মেঘ ছিল, একটু রোদ ছিল। কিন্তু বৃষ্টি আসেনি। বরং বৃষ্টি এলেই ভাল হত। কারন গরম ছিল বেশ। আর চরাচর যেন গুমোট হয়ে চুপ করে ছিল। তেমন বাতাস ছিল না। কোন বিশেষ কিছু জন্য প্রকৃতি আজ প্রতীক্ষা করছিল। কিন্তু সেই অনির্দেশ বিশেষ ঘটনাটি আর বাস্তব রূপ লাভ করে নি।
পরিশ্রমের কথা বলাই বাহুল্য। তবে আসার পথে বাসে এক অন্যরকম অনুভূতি হল। দরজায় ঝুলে এলাম বহুদূর। একটা বাস সামনেই ছিল। কিন্তু ভীড়ে একেবারে ঠাসা ছিল। যার জন্য আর সেটাতে উঠলাম না। প্রায় আধাঘন্টা পর পরের বাসটা এল। এটাতেও প্রচণ্ড ভীড়। ওঠার জায়গা নেই। পা রাখার জায়গা খুজে পাওয়া যাচিছল না। পরে কোনমতে একটা পা রেখে দরজাল হ্যান্ডেলে ঝুলে এলাম বেশ কিছুদূর। পরবর্তী স্টপেজে কয়েকজন নামার পর দরজার জায়গাটা খালি হল। আমিও একটু হাঁফ ছেড়ে বাঁচলাম। মাঝে মধ্যে মনে হয় ছাদে ওঠার অনুমতি থাকলে উঠে পরতাম। মান সম্মানের তোয়াক্কা করতাম না। ছাদে উঠলে বরং একটু বাতাস খেতে খেতে ভ্রমণ করা যেত।





