আজ ছুটির দিন। তারপরও আমার ছুটি নেই। সকালবেলা বের হয়ে বাড়ি ফিরলাম বিকেল ৩.০০টায়। গরম কেমন পড়েছে, তা আর জানানো প্রয়োজন বোধ করছি না। বোধহয় আগামী কিছুদিনের মধ্যে তুমুল বৃষ্টি শুরু হয়ে যাবে। আবহাওয়ামণ্ডলে তার প্রস্তুতি চলছে। আকাশে ধীরে ধীরে মেঘ জমছে। সূর্য মনের আনন্দে কিরণ বিলি করছে। আর আমরা তা উপভোগ(?) করছি। মর্মে মর্মে চর্মে চর্মে অনুভব করছি। বিকেল ৩.০০টায় যখন ঘেমে নেয়ে বাড়িতে ফিরলাম। তখন দেখা গেল জল নাই। স্নানের উপযোগী জল শেষ হয়ে গেছে। বিদ্যুত নেই। জল তোলার কোন উপায় নেই। অতএব বিদ্যুতের অপেক্ষায় বসে থাকতে হল প্রায় ১ ঘন্টা। একেই বোধহয় বলে “অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়”।
গ্লাসের পর গ্লাস জল খাচ্ছি। কিন্তু তৃষ্ণা মিটছে না। নানারকমের শরবত সারাদিনে খাওয়া হল। কিন্তু যে পরিমাণ জল শরীর থেকে বের হয়ে যাচ্ছে, তা বোধহয় অতটা পূরণ হচ্ছে না। বিকেল হতে হতে শরীরে আর কোন শক্তি অবশিষ্ট নেই। মনে হচ্ছে গাছতলা হলেও অনায়াসে শুয়ে পড়া যেত। পাহাড় বা নদীর পাড়ে যদি শুয়ে থাকা যেত তাহলে বোধহয় ঠাণ্ডা ঝিরঝিরে বাতাস পেতাম। শরীর মন দুটোই জুড়িয়ে যেত।





