…. নাকি অধ্যাস?
জানুয়ারি 6, 2008 — susantaসুশান্ত বর্মন
কামিনী ফুলের গন্ধে চারপাশ ভারী হয়ে আছে। শ্বাস নিতেও যেন কষ্ট হয়। এমন একটা মোহনীয় রাতেও অলীকের মন ভরে না। মনে হয় এ জীবনে তার সব প্রয়োজন ফুরিয়ে গেছে। বিষাদের শুন্যতা থেকে সে এখন আর সাঁতরে তীরে উঠতে পারে না। তাই নিমজ্জনকেই অবলম্বন করেছে একান্ত করে। স্মৃতিতে আজকাল শ্যাওলা জমেছে খুব। তবুও তার ভ্রুক্ষেপ নেই। নির্দ্বিধায় জোরালো করে তুলছে ভুলতে চাওয়ার ইচ্ছেটা। ইচ্ছে করেই শরীরটাকে তুলোর মতো হালকা করে ভেসে বেড়াচ্ছে কোন স্বপ্নরাজ্যে। উচ্চারিত সত্যের মতো কিছু স্বপ্ন ছিল তার পথ চলার আহ্বান। অথচ ইতিহাসের নির্মম পরিণতির মতোই আর এক স্বপ্নের নির্মমতায় ছিন্নভিন্ন হয়ে গেছে তার সমস্ত স্বপ্নগুলো। তারুণ্যের উচ্ছলতা এতকাল তাকে জড়িয়ে রেখেছিল আষ্টেপৃষ্ঠে । তাই নিজেকেই তার চেনা হয়নি অনুভবের আয়নায়। আসলে অনুভবটাকে সে কখনও অনুভব করেনি। অথচ আজ অনুভব নামক অনুভূতিটাকেই সে মুছে ফেলতে চায় তার সবকিছু থেকে। পাগল হয়ে খোঁজে জীবনের সীমানা।
“বড্ডো ভুল হয়ে গেছে। সত্যি খুব ভুল হয়ে গেছে”। অলীক নিজের মনেই বলে ওঠে। হায়! নিজেকে সীমাহীন করে তোলার কত মুহূর্তই না চলে গেছে নীরবে। কত না প্রভাত চলে গেছে অতীতে নিজেকে আবৃত রেখে। বাঁ হাত দিয়ে মাথার চুলগুলোকে পিছনে ঠেলে দিতে দিতে অলীক ছাদের এ প্রান্ত থেকে ও প্রান্তে পায়চারী করে। সময়গুলো হারিয়ে যেতে থাকে কালের গভীরে । তার কোন প্রতিক্রিয়া হয় না। সে পায়চারী করতে থাকে এবং করতেই থাকে। এক সময় অলীক ছাদের প্রান্তে রাখা বেঞ্চের উপর লম্বা হয়ে শুয়ে পড়ে।
ইদানীং অলীক প্রায় সবসময়ই স্বপ্নের মধ্যে ডুবে থাকে। কিন্তু সেই নবযৌবনের মতো স্বপ্নগুলো নিজে থেকেই আর মগজে আলোড়ন তোলে না। তাই সে স্বপ্ন দেখার জন্য সাহায্য নেয় ড্রাগের। যখন ড্রাগের পরমাণুগুলো শরীরের রক্তের মধ্য দিয়ে প্রবল বেগে ছুটে যায়, তখন তার সমস্ত দেহ মনে নেমে আসে এক অপার্থিব অনাবিল প্রশান্তি । নিজের হাতে তৈরী করা স্বপ্নগুলোকে তখন বড় আপন মনে হয়। যৌবনের মধ্যাকাশে দাঁড়িয়ে আজ নিজেকেই সে প্রশ্ন করে কি পেয়েছি এই জীবনে? যেমন করে একটি মাত্র জীবনে বাঁচা উচিত ছিল তা কি বাস্তব হয়েছে? না হয়নি। যেদিন সে স্বপ্নকে বাস্তব থেকে আলাদা করতে শিখেছে, সেদিন থেকেই শুরু হয়েছে তার স্বপ্নভঙ্গ। তবুও প্রত্যাশিত স্বপ্নের প্রেরণাতেই সে পেরিয়ে এসেছে এতগুলো বছর। এর মাঝেই একদিন সে সেই রঙধনুটির স্বপ্ন দেখল, আর শুরু হল তার যত যন্ত্রণা। চোখ বন্ধ করলেই তার সমস্ত মগজ জুড়ে এক রঙধনু বিরাজ করে। তাও পূর্ণতাপ্রাপ্ত হয়ে নয়। তাই বোধহয় একে ঠিক স্বপ্ন বলা যায় না। স্টিল ফটোগ্রাফির মতো আলাদা আলাদা কিছু ছবি। চমৎকার ফ্রেমিং, বিস্ময়কর গ্রাফিক্স, উজ্জ্বল রঙ আর রয়েছে সামঞ্জস্যপূর্ণ এবং ব্যাকগ্রাউন্ড। এক পরিপূর্ণ ভালোলাগা শুরু হল অলীকের জীবনে। ছবিগুলো স্বপ্ন হিসেবে চমৎকার। তাই সে চেয়েছিল সেগুলো এক করে বাস্তবের সুতা দিয়ে মালা গাঁথতে। সে চেষ্টা করতে গিয়েই অলীক বুঝতে পেরেছিল তার অক্ষমতা। কিছুতেই মেনে নিতে পারছিলনা যে, ‘স্বপ্নের সমাধি খোঁড়াই জীবন’। তার সমস্ত বিশ্বাস এক নিমেষেই হাওয়া হয়ে গিয়েছিল। কার লেখায় যেন পড়েছিল-
If you never have a dream
You will never have a dream come true.
মিথ্যা, মিথ্যা, প্রচন্ড মিথ্যায় ভরা এসব বক্তৃতা। মনের ভিতরে এক অনির্দেশ ক্রোধে অলীক চীৎকার করে ওঠে। গগনভাঙ্গা চীৎকারে সে চারপাশ কাঁপিয়ে দিতে চায়। স্বপ্ন ছাড়া কারও জীবন পূর্ণতা পায় না। স্বপ্ন আর জীবন অঙ্গাঅঙ্গীভাবে জড়ানো থাকে সব সময়। তাই অলীক তার জীবনের সাথে স্বপ্নকে এক করে নিয়েছিল। তার বিশ্বাস ছিল অটুট। যা জীবন, তাই স্বপ্ন; যা স্বপ্ন, তাই জীবন। কিন্তু আসলে কি তাই? তার নিজহাতে গড়া চমৎকার আনন্দে ভরা রঙীন ছবির মতো স্বপ্নে যখন ভাঙন, ফাটল ধরা শুরু করল, তখন যেন তার ভিতরে এক প্রলয়ংকরী ঝড়ের হামলা হল। বোধ হয় হুমাযূন আজাদ বলেছিলেন-“ মানুষ যখন তার শ্রেষ্ঠ স্বপ্নটি দেখে তখন সে বাস করে তার জীবনের শ্রেষ্ঠতম সময়ে।” হাসি পেয়ে যায় অলীকের। এই যে তার স্বপ্নভাঙ্গার সময়ে এক স্বপ্নকে ভুলতে নেশায় ডুবে থেকে আরও রঙীন স্বপ্ন দেখা- এটাই কি তার জীবনের শ্রেষ্ঠতম সময়? নাকি শ্রেষ্ঠতম সময় সে পেরিয়ে এসেছে রঙধনুটার স্বপ্ন দেখার সময়ে।
জীবনে ভুল হয়ে গেছে অনেক। সত্যি এ জীবনে অনেক ভুল হয়ে গেছে । একটা মাত্র জীবনে তার যেমন করে বাঁচা উচিত। তেমন করে কি সে পারবে তার ভবিষ্যৎ গড়তে? বোধ হয় পারবে না। তাই প্রতিদিনই তার নিজেকে নিয়ে হতাশা বাড়ছে। নিজের অক্ষমতা প্রকট হয়ে ধরা পড়ছে নিজের কাছেই। এখন কিভাবে সে নিজেকে অতিক্রম করবে? যখন মুহুর্ত এসেছিল রঙধনু গড়বার তখন যেন হাতে আকাশ পেয়েছিল, আর আজ? আজ তার সমস্ত স্বপ্নগুলো হয়ে যায় অলীক রঙে ভেজা অসংলগ্ন কিছু ঘাস পাথরে। হায়! যদি এমন একটা যন্ত্র থাকতো যাতে স্বপ্নের কাঁচামাল ঢুকিয়ে দিলেই স্বপ্নটা বাস্তবে তৈরী হয়ে যেতো তবেই না পার্থিব হতো এ জীবনটা। কিন্তু তা যে হবার নয় তা এতদিনে অলীক বুঝে ফেলেছে। তাই সে মেতে থাকে নিজেকে ভুলে স্বপ্ন তৈরীর এক অনির্দেশ খেলায়।
অলীকের আচ্ছন্নতা এক সময় আবছা হয়ে আসে। আস্তে আস্তে সে চোখ খোলে। আকাশের দিকে তাকিয়ে দুঃখে ভরে যায় মন। মনে হয়, কেন যে এমন পূর্ণিমা আসে পৃথিবীতে? চাঁদ কি চিরকালের মতো হারিয়ে যেতে পারেনা কোন অন্ধকারে? ভেঙ্গে যেতে পারে না পূর্ণিমার নিয়মিত ছন্দতাল? এমন চাঁদনী রাতেই সে স্বপ্নটা দেখেছিল। সেদিন চাঁদ যেন আর আকাশে ছিল না, পৃথিবীতে নেমে এসে অলীকের বুকে অধিষ্ঠান নিয়েছিল। তখনি সেই স্বপ্নটি এসে প্রবল আলোয় অলীককে ভাসিয়ে নিয়েছিল সাতরঙের বন্যায়। অলীক আনন্দের প্রাবল্যে আকাশ ছুঁতে চেয়েছিল । অথচ? তাই পূর্ণিমা এলেই তার ভিতরে ফোঁটায় ফোঁটায় জমতে থাকে গাঢ় সব কষ্ট। ভুলতে চায় সে, কিন্তু পারেনা। কষ্টের পাহাড় তৈরী হতেই থাকে। তার সমস্ত শরীরে এসে জমা হয় লালনীল যত ক্যাকটাস। এক অসহ্য যন্ত্রণায় অলীক পৃথিবী থেকে পালাবার পথ খোঁজে। তখন প্রবল আচ্ছন্নতায় নিজেকে ডুবিয়ে ফেলতে ইচ্ছে করে। নদীর গভীরে ডুব দেয়ার মত অলীক ডুবে যায় ড্রাগের খোঁয়ারিতে। অলীক চরম প্রশান্তির অনুভব খুঁজে পায় এই আচ্ছন্নতায়। নতুবা নিজের ভিতরে যে আলোড়ন বিস্ফোরিত হতে চায়, তাকে চাপা দিয়ে রাখা বড়ই কঠিন হয়ে পড়ে। যখনই সে স্বাভাবিক হয়, তখনই ধীরে ধীরে তার চোখে জমতে থাকে রাজ্যের ক্রোধ। ঘৃণা ধরে যায় সময়ের উপর আর বিশ্বাসের উপর থেকে বিশ্বাস উঠে যেতে থাকে। নিজেকে আর সে নিয়ন্ত্রনে রাখতে পারে না এবং করে বসে তখন আরেকটা ভুল। তাই সে আবিষ্কার করে ফেলেছে নিজেকে বশে আনার মোক্ষম উপায়টি। অলীক জানে তার এ মনোভঙ্গী স্বাভাবিক নয়। তবু পূর্ণিমা এলেই তার সমস্ত শাসনের প্রাচীর ভাঙ্গতে থাকে। তখন যেন সে অন্য মানুষ হয়ে যায়। নিজের ভিতরে নিজেই কয়েকটা টুকরো হয়ে যায়। তৈরী হতে থাকে অদ্ভুত অদ্ভুত সব ইচ্ছা। আর ইচ্ছাগুলো খোঁচাতে থাকে তার ভয়ার্ত হাতদুটিকে, লাল টকটকে চোখদুটিকে আর নিস্প্রাণ মুখটিকে। বাঁধভাঙ্গা জোয়ারের মতো প্রচন্ড এক উচ্চ কন্ঠ অথচ অনুচ্চারিত চীৎকার ছুটে বেড়াতে থাকে শরীরের প্রান্ত থেকে ওপ্রান্তে। মনে হয় শরীর দীর্ণ হয়ে এক অপার্থিব আগ্নেয়গিরি বের হয়ে আসবে। মিশে যাবে জোৎস্নার প্রতিটি কণায়।
মাথায় প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। ধীরে ধীরে মগজটা উত্তপ্ত হচ্ছে। অলীক দু’হাতে দু’কান চেপে ধরে গোঙাতে থাকে। তারপর নিজের অজান্তেই একসময় জ্ঞান হারিয়ে ফেলে। সকালে সূর্যের আলো চোখে লাগতেই তার ঘুম ভেঙ্গে যায়। উঠে বসতে চায়, শরীরে খুব ক্লান্তি। উঠে দাঁড়াতে কষ্ট হয়। তবুও অলীক সোজা হয়ে দাঁড়ায়। একদৃষ্টে তাকিয়ে থাকে সূর্যের দিকে। সূর্যটাকে আজ তার খুব সজীব মনে হয়। অলীক এক সময় নিজের মনেই বলে ওঠে-‘তাহলে আরও একটা রাত কাটল’। সূর্যটার দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজেকে খুব ক্ষুদ্র, তুচ্ছ বলে মনে হয় তার। মুখ ফিরিয়ে আস্তে আস্তে নীচে নেমে আসে। নিজের বিছানায় শুয়ে পড়ে অলীক। পূর্ণিমা শেষ হয়েছে, কিন্তু তার ছটা তো মুছে যায়নি তার মন থেকে। একে তাড়াবে সে কিভাবে? চেষ্টা করতে করতে তো আর একটা পূর্ণিমা এসে যাবে। অলীক আর ভাবতে পারেনা। কষ্টগুলোকে তার বড়ই আপন মনে হয়। ইচ্ছে করে সে তখন কষ্টগুলোকে বাড়তে দেয়। মাঝে মাঝে মনে হয় সত্যিই কি সে রঙধনুকে দেখেছিল। সেকি স্বপ্ন নাকি বাস্তব ছিল। কিন্তু স্বপ্ন তো কখনও এত জীবন্ত হয় না, তাহলে? নিজের প্রশ্নের কোন উত্তর সে নিজেই খুঁজে পায়না। আবারো তার ক্লান্ত শরীরটাকে অসাড় করে দেবার তৃষ্ণা গাঢ় হতে থাকে। চোখে নেমে আসে রাজ্যের অন্ধকার। পৃথিবীর প্রতিটি সাগর জমাট হতে থাকে তার সমস্ত বুকে। শরীরটা যেন থই থই ঢেউয়ে ভেসে বেড়াচ্ছে। পৃথিবী দুলছে এদিক ওদিক। দু’হাতে মাথার সমস্ত চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে।
বিছানায় উঠে বসে অলীক। পকেট হাতড়ে ড্রাগের সিরিঞ্জটা বের করে সে। প্রবল অনিচ্ছা ও অসহায়তার কাছে নিজেকে তার জিম্মী মনে হয়। হায়! রঙধনুটা থাকলে শক্ত হাতে হাল ধরা যেত। গাছের সবুজ ডালে যেভাবে কচি পাতারা উঁকি মারে সেভাবে নিজের ভিতর থেকে তুলে আনতো নতুন সকাল। উঠে দাঁড়াতো সে চোখ খুলে। কিন্তু এখন সে কি করবে? কেন সে এগিয়ে যাবে সামনের দিকে। কে আছে সেখানে অপেক্ষা করে? কেউ কি সত্যিই আছে? না নেই। অলীক বহু অভিঞ্জতায় জেনেছে কেউ কারো জন্য অপেক্ষা করে না। কেউ ভিজল কি ভিজল না তার জন্য যেমন বৃষ্টি অপেক্ষা করে না ঠিক তেমনি তার জন্যও কেউ অপেক্ষা করে নেই। কেনই বা থাকবে। কি আছে তার নিজেকে ছাড়া। এসব মনে পড়লে তার বড় কষ্ট হয়। কষ্টের ভীমরুলেরা সারা শরীরে হুল ফোটাতে থাকে। সে চায় না এমন অস্বাভাবিক সমকাল তাকে ছিনিয়ে নিয়ে যাক বাস্তবতা থেকে। সে হারিয়ে যাক নিজের কাছ থেকে।
অলীক এক অপার্থিব হাসিতে চারপাশ ভরিয়ে দেয়। নিজের মনেই হেলাল হাফিজের কবিতাটা বলে ওঠে-
কষ্ট নেবে কষ্ট
হরেক রকম কষ্ট আছে
লালকষ্ট, নীল কষ্ট, কাঁচা হলুদ রঙের কষ্ট
পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট
একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট……..।








